জামিল আহমেদের সরে দাঁড়ানোর ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই এই নাট্যব্যক্তিত্বের পক্ষ নিয়েছেন অনেকে আবার জামিল আহমেদের উদ্দেশে বিভিন্ন প্রশ্ন ছুড়েছেন।
তাদেরই একজন নাট্যকার, নির্দেশক, অভিনেত্রী নূনা আফরোজ। সম্প্রতি শিল্পকলা একাডেমির সাবেক এই মহাপরিচালকের উদ্দেশে একটি খোলা চিটি লিখেছেন তিনি।
যেখানে নূনা লিখেছেন- খোলাচিঠি, বরাবর জামিল আহমেদ। আপনার চারটি শর্ত মেনে নিলে নাকি আপনি মহাপরিচালকের পদে থাকবেন, তাতে হাতে গোনা আপনার প্রিয় বা অনুগত কয়েকটি থিয়েটার দল ছাড়া অন্য দলগুলোর কী হবে?
নূনা আফরোজ লেখেন, আপনি তো শুরু থেকেই বৈষম্য শুরু করেছেন। চলাকালীন প্রদর্শনী বন্ধ করেছেন, অমুকে অভিনয় করলে প্রদর্শনী করতে দেওয়া যাবে না।অমুক, অমুক দলকে হল বরাদ্দ দেওয়া হবে না। হল ফাঁকা থাকলেও দেননি, কেন? কোনো কোনো দলকে আবার মাসে ৩/৪ দিনও হল বরাদ্দ দিয়েছেন,কেন? ৮৫টি দল মিলে 'মহানগর নাট্যোৎসব' করবে বলে ৩৬টি দলের নামে হল বরাদ্দ চেয়ে আবেদন করেছিল, হল ফাঁকা থাকার পরও আপনি বরাদ্দ দেননি, কেন?
তার কথায়, আপনি অনেকগুলো দলকে হল বরাদ্দ দেন না, কী কারণে, বলবেন কী? কোন স্বার্থে, কাদের প্ররোচনায়? বলা যেহেতু শুরু করেছেন তাদের নামগুলো এখন বলতে পারবেন কি? আপনি যখন মহাপরিচালক পদে বসেছিলেন আমি খুশি-ই হয়েছিলাম। অভিনন্দনও জানিয়েছিলাম ফেসবুকের মাধ্যমে। সেই আপনার এমন বৈষম্যমূলক আচরণ হবে ভাবিনি!
সবশেষে নূনা লিখেছেন, আপনি মহাপরিচালক পদে থাকেন না থাকেন আমার কোনো কথা নেই কিন্তু আপনি থাকেন আর না থাকেন আমার অনুরোধ ভিন্ন ভিন্ন প্রতিটি দল সম্পর্কে কারণগুলো ব্যাখ্যা করে যাবেন যে, অনেকগুলো দলকে আপনি হল বরাদ্দ কেন দেননি?
জুলাই অভ্যুত্থানের পর গেল বছরের ৯ সেপ্টেম্বর সৈয়দ জামিল আহমেদকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক করে সরকার। দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল তাকে। কিন্তু ছয় মাস না যেতেই পথ থেকে সরে দাঁড়ালেন তিনি।