• 09 Feb, 2026

নারায়ণগঞ্জ থেকে চোরাই ট্রাক পার্বতীপুরে উদ্ধার, মূল হোতা পলাতক

নারায়ণগঞ্জ থেকে চোরাই ট্রাক পার্বতীপুরে উদ্ধার, মূল হোতা পলাতক

রুকুনুজ্জামান, পার্বতীপুর: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে চুরি যাওয়া একটি ট্রাক পার্বতীপুরে কাটা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে ড্রাইভার সোহাগ (৩৩) ও চোর চক্রের সদস্য ফেরদৌস (৩২)। তবে চোরাই ট্রাক ক্রয়ের মূল হোতা ভাংড়ি ব্যবসায়ী মাসুদ পারভেজ পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

জানা গেছে, ২৩ জুলাই (বুধবার) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার মাসুম রানা এন্টারপ্রাইজের মালিকানাধীন একটি ট্রাক (নং: ঢাকা মেট্রো ট-১৫-৭৫০২) চুরি হয়। ট্রাকের চালক সোহাগ গাড়িটি দিনাজপুরের পার্বতীপুরে এনে ভাংড়ি ব্যবসায়ী মাসুদ পারভেজের কাছে ৫০ টাকা কেজি দরে প্রায় ৪ লাখ টাকায় বিক্রি করে দেন।

ঘটনার পরপরই মালিক মাসুম রানা সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং ট্রাকের GPS ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে গাড়ির অবস্থান শনাক্ত করেন। ২৫ জুলাই (শুক্রবার) রাত ৮টার দিকে পার্বতীপুর পৌর শহরের ঢাকা মোড়ে ট্রাক কাটার সময় পার্বতীপুর মডেল থানার এসআই দুলাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সোহাগ ও ফেরদৌসকে আটক করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাসুদ পারভেজসহ তার সহযোগীরা পালিয়ে যায়। ট্রাকসহ আটককৃতদের থানায় আনা হয়েছে এবং এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, মূল হোতা মাসুদ পারভেজকে গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, মাসুদ পারভেজ দীর্ঘদিন ধরে চোরাই মালামাল কেনাবেচার সাথে জড়িত।