• 09 Feb, 2026

নড়াইলে আধিপত্য বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ১৫, উত্তপ্ত গন্ধর্ব্যখালী

নড়াইলে আধিপত্য বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ১৫, উত্তপ্ত গন্ধর্ব্যখালী

নড়াইল সদর উপজেলার গন্ধর্ব্যখালী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। দেশীয় অস্ত্র নিয়ে হামলা-পাল্টা হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।

নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গন্ধর্ব্যখালী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহৃত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, গন্ধর্ব্যখালী গ্রামের ইউপি সদস্য ও স্থানীয় মৎস্যজীবী দলের জেলা সাধারণ সম্পাদক জাফর শেখের গ্রুপের সঙ্গে একই গ্রামের নূর ইসলাম ও রোস্তম গ্রুপের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিলো।

এই বিরোধের সূত্রপাত ঘটে শুক্রবার (১৮ জুলাই) বিকালে, যখন জাফর শেখের সমর্থক মিজানুর মোল্যার মালিকানাধীন রাইস মিলের শ্রমিক জিল্লুর রহমানকে প্রতিপক্ষ গ্রুপ মারধর করে। তাকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়।

এরই জের ধরে শনিবার সকাল ৯টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। সংঘর্ষে জাফর শেখ গ্রুপের আহতরা হলেন—
আলমগীর শেখ (৪২), রহমান সরদার (৫৫), এসকেন সরদার (৫৫), মহাসেন সরদার (৫৭) ও মাহিম (১৯)।

অন্যদিকে, নূর ইসলাম ও রোস্তম গ্রুপের আহতদের মধ্যে রয়েছেন—
লিমন সরদার (২৫), শরিফুল মোল্যা (৪৫), রোস্তম সরদার (৫৫), কেসমত মোল্যা (২৭), শফিক মোল্যা (৩৫), রেহাব মোড়ল (২২), সাদ্দাম সিকদার (৩২), নূর ইসলাম (৪০) ও সৌরভ সিকদার (১৫)।

আহত লিমন সরদার অভিযোগ করে বলেন, “প্রতিপক্ষ গ্রুপের একজন মাতুব্বর সাঈদ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা। আমরা যুবদলের একটি কর্মসূচিতে অংশ নেওয়ায় আমাদের উপর মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।”

অন্যদিকে ইউপি সদস্য জাফর শেখ বলেন, “এটি নিছক গ্রাম্য কোন্দল। আমার রাজনৈতিক পরিচয়কে সামনে এনে তারা বিষয়টিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।"

এ বিষয়ে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম জানান, “ঘটনার পর পরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয়পক্ষ মামলা দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”