“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে নড়াইল সিভিল সার্জন অফিসের আয়োজনে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে সপ্তাহব্যাপী এ কর্মসূচির সূচনা হয়।
এ উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, নার্স এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালিতে অংশ নেওয়া ব্যক্তিরা প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে পুষ্টিকর খাদ্য গ্রহণ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
র্যালি শেষে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ। তিনি বলেন, পুষ্টি বৈষম্য দূর করে সকল মানুষের কাছে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়াই এবারের জাতীয় পুষ্টি সপ্তাহের মূল লক্ষ্য।
বক্তারা আরও বলেন, একটি সুস্থ ও সবল জাতি গঠনের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ নির্মাণ সম্ভব। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টির বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে।
২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মা ও শিশু স্বাস্থ্যসেবা, পুষ্টি বিষয়ক পরামর্শ, লিফলেট বিতরণ এবং বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হবে বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে।
অনুষ্ঠানে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা, সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বাড়ির আশেপাশে শাক-সবজি চাষ এবং দেশীয় ফলমূল বেশি খাওয়ার পরামর্শ দেন।