শনিবার কনসার্টটি ছিল মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্স গ্রাউন্ডে। কনসার্টের শেষে দুই জনপ্রিয় তারকাই তাদের একসঙ্গে গাওয়া ভিডিওটি নিজেদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন।
শনিবারের কনসার্টের একটি ছোট ক্লিপিং দিলজিৎ তার নিজের সোশ্যাল মিডিয়াতে (ইনস্টাগ্রাম) শেয়ার করেন। দিলজিৎ একটি লাল পাগড়ির সঙ্গে একটি কালো এবং সোনালি পোশাক পরেছিলেন এবং এডকে দেখা গিয়েছে শার্ট ও ডেনিমে।
এড শিরানও দিলজিতের সঙ্গে তার পারফরম্যান্সের ভিডিও নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। এড তার পোস্টের ক্যাপশনে লেখেন, ‘ভারতে আমার অবিশ্বাস্য সময় কেটেছে।’ শেয়ার করা ভিডিওর শেষে তাদের পরস্পরকে আলিঙ্গন করতে দেখা গিয়েছে।
শিরান ভারতে এসে মুম্বাইয়ের একটি স্কুলে গিয়েছিলেন। সেখানের একটি ভিডিও তিনি প্রকাশ্যে এনেছেন। ১৪ মার্চ তাকে শাহরুখ খানের সঙ্গে পার্টি করতে দেখা যায়। সেই পার্টিতে শাহরুখ ও তার স্ত্রী গৌরী খান, ফারহা খানসহ অনেকে উপস্থিত ছিল। ওই দিনের একটি ভিডিও ক্লিপিং নেট পাড়ায় ছড়িয়ে পড়ে, সেখানে এড ও শাহরুখকে একসঙ্গে নাচতে দেখা গেছে।