গাইবান্ধা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কয়েকটি গ্রামের মুসল্লিরা আজ ঈদুল আজহা উদ্যাপন করেছেন। সকাল সাড়ে আটটার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়া গ্রামের ব্যক্তিমালিকানাধীন ভবনের ছাদে এ ঈদের নামাজ আদায় করা হয়। ঈদের নামাজে ইমামতি ও খুতবা পাঠ করেন মাওলানা মাসুদ রানা।
পটুয়াখালী
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার অন্তত পাঁচ হাজার পরিবার আজ ঈদুল আজহা উদ্যাপন করেছেন। উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাঁহাগিরিয়া, শাহ্সূফি মমতাজিয়া দরবার শরিফ প্রাঙ্গণে প্রধান জামাত সকাল আটটায় অনুষ্ঠিত হয়। কলাপাড়া পৌর শহরের নাইয়াপট্টি, উত্তর লালুয়া মাঝিবাড়িসহ বিভিন্ন স্থানে আরও আটটি জামাত অনুষ্ঠিত হয়।
ফরিদপুর
ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার ১৩টি গ্রামের সহস্রাধিক মানুষ আজ ঈদ উদ্যাপন করেছেন। সকালে বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের কাটাগড়, সহস্রাইল, মাইটকুমড়া, ভুলবাড়িয়া, রাখালতলী, বারাংকুলা, দড়ি সহস্রাইল এবং আলফাডাঙ্গা উপজেলার ইছাপাশা, শুকুরহাটাসহ ১৩টি গ্রামের মানুষ ঈদের নামাজ আদায় করেন।
এসব গ্রামে চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে শেখর ইউনিয়নের রাখালতলি ঈদগাহ মাঠে সকাল নয়টায়, মাইটকুমড়া জামে মসজিদে সকাল সাড়ে আটটায়, লস্করবাড়ি জামে মসজিদে নয়টায় এবং সহস্রাইল দায়রা শরিফে সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।