২৩ জুন ২০২৫, সোমবার নড়াইল সদর উপজেলার ৩নং চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভা।
“স্থায়িত্বশীল তামাক নিয়ন্ত্রণে বেসরকারি সংস্থাসমূহকে সম্পৃক্তকরণ জরুরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ সভার আয়োজন করে স্বাবলম্বী, ডাব্লিউবিবি ট্রাস্ট ও বাংলাদেশ তামাক বিরোধী জোট।
সভায় সভাপতিত্ব করেন ৩নং চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের সচিব মো: জাহিদ শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্ডিবরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: হাবিবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা মেম্বার রোকেয়া বেগম।
সঞ্চালনা করেন স্বাবলম্বী নড়াইলের সমন্বয়কারী স্বপ্না রানী রায়।
এছাড়াও আলোচনায় অংশ নেন মো: আবুল হোসেন, মো: বামন শেখ, মোস্তাফা কামাল, স্থানীয় প্রতিনিধি নিত্যানন্দ বসু, আকবর হোসেন ও প্রবাসী আশিকুর রহমান।
বক্তারা বলেন, তামাক নিয়ন্ত্রণে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, বেসরকারি সংগঠনগুলোকেও সম্পৃক্ত করা জরুরি। তামাক উৎপাদন হ্রাস ও সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম, স্থানীয় প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
মূল আলোচ্য বিষয়সমূহ:
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের “স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা” বিষয়ে আলোচনা।
তামাক নিয়ন্ত্রণ আইন ২০০৫ সম্পর্কে সচেতনতা সৃষ্টি।
গৃহীত সুপারিশ:
১. প্রতি তিন মাস অন্তর সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে সভা আয়োজন।
২. গণমাধ্যমে তামাক বিরোধী প্রচারণা জোরদার করা।
৩. তামাকবিরোধী সচেতনতামূলক মাইকিং কর্মসূচি চালু করা।
সভায় অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: হাবিবুর রহমান জানান, ইউনিয়ন পরিষদ সবসময় স্বাবলম্বীসহ অন্যান্য সংস্থাকে সহযোগিতা করবে এবং তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।