গত ২২ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ এইড ফাউন্ডেশন ও স্থানীয় তামাকবিরোধী জোটের সদস্য সংগঠন স্বাবলম্বী’র যৌথ আয়োজনে নড়াইল পৌরসভার সম্মানিত পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ ওহাবুল আলমের সভাপতিত্বে পৌর অডিটোরিয়ামে 'মডেল পৌরসভার কার্যক্রম পরিচালনার জন্য কর্মপরিকল্পনা গ্রহণ এবং কার্যক্রম শুরু করার' লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক সাগুফতা সুলতানা ও স্বাবলম্বী সংস্থার নির্বাহী পরিচালক কাজী হাফিজুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন, পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, উক্ত প্রকল্পের হিসাব ও প্রশাসনিক কর্মকর্তা নাসরিন সুলতানা।
সভায় বিস্তারিত আলোচনান্তে তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ ও তামাকমুক্ত মডেল পৌরসভা গড়তে নিচে বর্ণিত করণীয় সমূহ সভায় গৃহিত হয়। প্রথমত: নিয়মিতভাবে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম মনিটরিং করার জন্য ফলোআপ মিটিং করা হবে ; দ্বিতীয়ত: তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে পৌরসভা কর্তৃক বরাদ্দকৃত অর্থ খরচের জন্য ও অন্যান্য কাজ বাস্তবায়নের জন্য কোয়াটার্লি ওয়ার্ক প্লান করতে হবে; তৃতীয়ত : শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে অবস্থিত তামাকজাত দ্রব্য বিক্রয় বন্ধ ও লাইসেন্স প্রদান বন্ধ করা হবে; ৪র্থ : তামাকজাত দ্রব্য বিক্রয়ের দোকানে সতন্ত্র লাইসেন্সিং ব্যবস্থা দ্রুত চালু করতে হবে এবং শতভাগ লাইসেন্সিং ব্যবস্থার আওতায় আনা হবে; ৫ম: প্রশাসনের সহায়তা নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে তামাকজাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপন অপসারণ ও শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে অবস্থিত তামাকজাত দ্রব্য বিক্রয় বন্ধ করা হবে; ৬ষ্ঠ: প্রচার প্রচারণার জন্য লাইসেন্সকৃত ইজিবাইকে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক স্টিকার স্থাপন করা হবে; ৭ম: তামাকজাত দ্রব্য বিক্রয়ের দোকানে প্রদানকৃত সতন্ত্র লাইসেন্সের উপরে 'ধুমপান মৃত্যু ঘটায়' উক্তি লিপিবদ্ধ করা হবে।