নড়াইলকণ্ঠ ডেস্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত ও পাকিস্তানকে "ভুল বোঝাবুঝি এড়াতে" সরাসরি যোগাযোগ পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন। শনিবার (১০ মে) সকালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
রুবিও দু'দেশের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে ফোনে কথা বলেন এবং চলমান সংঘর্ষ শুরুর পর এই প্রথমবারের মতো পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গেও কথা বলেন, যিনি দেশটির প্রধান ক্ষমতাবান ব্যক্তি হিসেবে বিবেচিত।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, "পররাষ্ট্রমন্ত্রী রুবিও উভয় পক্ষকে উত্তেজনা প্রশমনের উপায় খুঁজে বের করার এবং ভুল বোঝাবুঝি এড়াতে সরাসরি যোগাযোগ পুনঃস্থাপনের উপর গুরুত্বারোপ করেছেন।"
তিনি আরও জানান, রুবিও ভারত ও পাকিস্তান—উভয়ের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আলাপে ভবিষ্যৎ সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা দেওয়ার প্রস্তাবও দিয়েছেন।
সূত্র: সিএনএ