• 09 Feb, 2026

সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবি সাংবাদিক সমাজের

সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবি সাংবাদিক সমাজের

খুলনার জ্যেষ্ঠ সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর রহস্যজনক মৃত্যুতে ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করেছেন সাংবাদিক সমাজ। তাঁরা বলছেন, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়—পেছনে রয়েছে নানা গোপন কারণ। তাই সঠিক তদন্তের মাধ্যমে এ মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন তাঁরা।

খুলনার জ্যেষ্ঠ সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর (৬০) রহস্যজনক মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত দাবি করেছে খুলনার সাংবাদিক সমাজ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা এ দাবি জানান।  

বক্তারা বলেন, “যদি সত্যিই আত্মহত্যা হয়ে থাকে, তবে কেন তিনি আত্মহত্যা করলেন? এর পেছনে কী কারণ থাকতে পারে? কাদের চাপে এমন সিদ্ধান্ত নিতে হলো? কিংবা তাঁর অর্থসম্পদ আত্মসাতের সঙ্গে কারা জড়িত—এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে।” 

তাঁরা মনে করেন, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়; বরং এর নেপথ্যে রয়েছে গভীর রহস্য। বক্তারা উদ্বেগ প্রকাশ করেন যে, সাম্প্রতিক সময়ে খুলনার নদ-নদীতে বেওয়ারিশ লাশের সংখ্যা বাড়ছে, অথচ সেগুলোর সঠিক তদন্ত হচ্ছে না। এমনকি বহু বছরেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার হয়নি।  

তাই বক্তারা জোর দাবি জানান—সাংবাদিক বুলুর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে শুধু নৌ-পুলিশ নয়, বরং খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), পিআইবি, র‍্যাব ও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা যেন ছায়া তদন্ত চালায় এবং সমন্বিতভাবে কাজ করে।  

কর্মসূচিতে সভাপতিত্ব করেন কেইউজের সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম। সংহতি প্রকাশ করেন বিএফইউজে, খুলনা প্রেসক্লাব, খুলনা সংবাদপত্র পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বক্তৃতায় অংশ নেন হেদায়েত হোসেন মোল্লা, এহতেশামুল হক শাওন, মোস্তফা সরোয়ার, কৌশিক দেশবাপী, রাশিদুল ইসলাম, আনোয়ারুল ইসলাম কাজল, রফিউল ইসলাম টুটুল, হাসান আহমেদ মোল্লা, মোস্তফা জামাল পপলু, মিজানুর রহমান মিল্টনসহ অসংখ্য সাংবাদিক ও পেশাজীবী।  

অনুষ্ঠান পরিচালনা করেন কেইউজের সহ-সভাপতি কাজী শামিম আহমেদ ও সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন।  

উল্লেখ্য, গত রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে খুলনার রূপসা সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক বুলুর লাশ উদ্ধার করে পুলিশ। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক বঙ্গবাণী, আজকের কাগজ, চ্যানেল ওয়ান, ইউএনবি, দৈনিক প্রবাহসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক প্রতিদিনের সংবাদে কর্মরত ছিলেন।